About Me

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, India
আমার জন্ম ১৯৫৫ সালের ২৫ মার্চ, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায়। কিন্তু শৈশব-কৈশোর কেটেছে কখনও বাঁকুড়ায়, কখনও উত্তরবঙ্গের ডুয়ার্সে। ১৯৭৪-এ আমার প্রথম কবিতা লেখা - 'শত্রু যখন সমস্ত দিক ঘিরে'। আবার এ সময়ই নিকট-মানুষকে হারানোর তীব্র যন্ত্রণা থেকে লিখে ফেলি আমার প্রথম গান 'বলো ভুলতে কি পারি সাথীদের খুনে রাঙা পথ'। সময়ের অনুভবে জারিত সে সব লেখা। একটার পর একটা কবিতা বা গান লিখেছি তখন তাৎক্ষণিকের প্রয়োজনে। সেই লেখাগুলি নিয়ে আমার প্রথম কবিতার বই 'তোমার মারের পালা শেষ হলে', বার হয় ১৯৮০-তে। এর পর আমার আরও ছ'টি কবিতার বই বার হয়। আর ২০০৯ সালে, এই সাতটি বই একত্রে 'ডানা ঝাপটায় পুরনো পোস্টার' নামে কবিতা সংগ্রহরূপে প্রকাশ পায়। কবিতা লেখার পাশাপাশি গান লেখা, সুর করা আর গান গাওয়া আমার জীবনের অন্যতম অবলম্বন -অন্যতম আনন্দ। ১৯৮১ সাল থেকে 'অনুশ্রী-বিপুল' এই জুটি হিসেবে কলকাতা মহানগরী থেকে বাংলার প্রত্যন্ত প্রান্তে গান গেয়েছি - গান গেয়ে চলেছি। এ পর্যন্ত মোট সাতটি ক্যাসেট/সিডিতে সে গান প্রকাশিত। আমার গানে-কবিতায় আমি চাই সময়কে ধরতে। সময় পেরিয়ে নতুন সময়কে আবিষ্কার করতে। রিকশা চালায় যে শিশু তার অসহায়তা-বেদনাকে আমার সৃষ্টিতে যেমন ধরতে চাই তেমনি ছুঁয়ে থাকতে চাই আকাশের শেষ তারাটিকেও। জানি না সে কাজ পেরেছি কিনা - পারবো কিনা। সেই অভিমুখে - জীবনের কাছে সত্যবদ্ধ থেকে, যোগ্য শব্দ ও সুরের সন্ধানে আমার অভিযাত্রা।

Friday, August 27, 2010

দেয়াল

রাত দুপুরে

শহর জুড়ে

গোটা-দশেক শেয়াল

নানান রঙে

নানান ঢঙে

ভরে ফেলল দেয়াল


দেয়াল জুড়ে লিখল তারা

হুক্কা হুয়া হুয়া –

আমরা শুধু সাচ্চা, আর

বাদবাকি সব ভুয়া


কুকুরগুলো

ঘুমিয়ে ছিল

করেনি তাই খেয়াল

জাগল যেই

উঠে এসেই

দখল নিল দেয়াল


দেয়াল জুড়ে লিখল তারা

ঘেউ ঘেউ ঘেউ ঘেউ –

আমরা ছিলাম, আমরা আছি

থাকবে না আর কেউ


'আমি দেখছি', প্রকাশকাল : মার্চ ১৯৮২

চারপাশে তোমার আমার

নদীতে থাকে না নদী, পাহাড়ে পাহাড়

জলের ভূগোল সরে যায়, মাটির ভূগোল সরে যায়

চারপাশে তোমার আমার


নদীর মাছেরা সব জানে

এক স্রোতে ডিম রেখে অনায়াসে ভেসে যায়

অন্য স্রোতে অন্য কোনখানে


রাজা বা রাজত্ব বলে কোন শব্দ নেই প্রকৃতির

পায়ের নিচের মাটি সতত অস্থির


পাহাড়ি পাখিরা সব জানে

এক গাছে বাসা ফেলে অনায়াসে চলে যায়

অন্য গাছে অন্য কোনখানে


নদীতে থাকে না নদী, পাহাড়ে পাহাড়

জলের ভূগোল সরে যায়, মাটির ভূগোল সরে যায়

চারপাশে তোমার আমার


'আমি দেখছি', প্রকাশকাল : মার্চ ১৯৮২

বুঝে নিতে হবে আমাদের

সেই গূঢ় সংকেতের পরিভাষা আমাদের বুঝে নিতে হবে –

পশ্চিম দিগন্ত থেকে দেখিও না পুবের আকাশ

আর আমি রাজি নই বার বার অস্তে এসে

উদয়ের উপমায় কবিতা সাজাতে


আমরা চেয়েছি সূর্য রাত্রির কুয়াশা-ঘেরা মাঠে

আমরা চেয়েছি সূর্য আর্তের কান্নায়, স্যাঁতস্যাঁতে উঠোনে ও ঘরে

আমরা চেয়েছি সূর্য আমাদের গানে আর কবিতার শিরায় শিরায়

আমরা চেয়েছি সূর্য অস্তহীন –

মানুষের বুকের ভেতর


আকাঙ্ক্ষিত সেই সূর্য, হায় রে পৃথিবী, উঠেছে কি আকাশে তোমার

যদিও বা উঠে থাকে

আমরা তা ধরে রাখতে পারছি না আমাদের

রক্ত আর ঘামের অতলে


দেখো, কেমন সহজে তাই

সেই স্বপ্ন অস্ত যায় গেরিলার চোখ থেকে শোকের আঁধারে

- ভোলগা আর মেকঙের জলে

দেখো, কী ভাবে হারিয়ে যায় গোর্কির মায়ের মুখ, পাভেল-নাতাশা

দেখো, কী ভাবে তলিয়ে যায় সায়গন-শিশুদের কান্না আর গান


আকাঙ্ক্ষিত সেই সূর্য, হায় রে পৃথিবী, উঠেছে কি আকাশে তোমার

যদিও বা উঠে থাকে

আমরা তা ধরে রাখতে পারছি না আমাদের

রক্ত আর ঘামের অতলে


পশ্চিম দিগন্ত থেকে দেখিও না পুবের আকাশ

আর আমি রাজি নই বার বার অস্তে এসে

উদয়ের উপমায় কবিতা সাজাতে


প্রতিটি সূর্যাস্ত কিছু কথা বলে যায়

প্রতিটি পতনে, ভীষণ কঠিন কোন অর্থ আছে, সাথী

সেই গূঢ় সংকেতের পরিভাষা বুঝে নিতে হবে আমাদের


'তোমার মারের পালা শেষ হলে', প্রকাশকাল : মে ১৯৮০

তুমিই বুঝবে শুধু

হারমনিয়াম বুঝবে না, বুঝতে পারে না

তালে তালে বেজে যাওয়া

নাল, তাম্বুরিন


তুমিই বুঝবে শুধু

কেন গাইতে গাইতে কেঁপে ওঠে হঠাৎ কণ্ঠস্বর

কেন ঠিকরে বেরিয়ে আসে চোখ

কেন শরীর ফুঁসতে থাকে বর্ষার ফুলে ওঠা নদীর মতন


তুমিই বুঝবে শুধু

যে তুমি আমার পাশে, একসাথে

মুক্তপক্ষ মেঘেদের চলাফেরা দুই চোখে নিয়ে

নতুন দিনের গান গাও


তুমিই বুঝবে শুধু

সব সুর, সব তাল, সব ছন্দ নষ্ট করে

কেমন বিকট শব্দে একটানা বাজতে থাকে কানে

জন্ম থেকে বয়ে আনা

হাতের শেকল, পায়ের শেকল


'তোমার মারের পালা শেষ হলে', প্রকাশকাল : মে ১৯৮০

তোমার মারের পালা শেষ হলে

পা থেকে মাথা পর্যন্ত চাবুকের দাগ যেন থাকে

এমন ভাবে মারো


দাগ যেন বসে থাকে বেশ কিছু দিন

এমন ভাবে মারো


এমন ভাবে মারো

তোমার মারের পালা শেষ হলে

আমাকে দেখায় যেন ডোরাকাটা বাঘের মতন


'তোমার মারের পালা শেষ হলে', প্রকাশকাল : মে ১৯৮০

নদী, অরণ্যে

নদীর জলে হাত রাখলাম

আমার শরীরে উঠে এল

নদী

অরণ্যের পথে পা রাখলাম

আমার শরীরে উঠে এল

অরণ্য


উঠে এল কিছু স্মৃতি :

বাদামের খোসার মতো ভেসে যাওয়া

মানুষের লাশ

শূন্য ঠোঙার মতো পড়ে থাকা

মানুষের লাশ


আমি হাঁটছি

আমার শিরায় শিরায় নদী, তার

ফুলে ফুলে ওঠা –

আমি হাঁটছি

আমার শিরায় শিরায় অরণ্য, তার

আদিম হিংস্রতা


আমি হাঁটছি

আমি হাঁটছি


'তোমার মারের পালা শেষ হলে', প্রকাশকাল : মে ১৯৮০